২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত মাদ্রাসাছাত্র হিজলায় উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জগামী লঞ্চ থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রকে হিজলা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার বেলা ১১টার দিকে হিজলার মান্দ্রাচর কুসরিয়া গ্রাম থেকে মো. নূরুন্নবীকে (১০) উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে সাগর গাজী (২৮) ও তার স্ত্রী হাজেরা বেগমকে (২৫) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকার কেরানীগঞ্জ বায়তুল সজুদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র নূরুন্নবী মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামের সোবাহান রাঢ়ীর ছেলে।

হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, মেহেন্দিগঞ্জ বাড়িতে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকার সদরঘাট থেকে একটি যাত্রীবাহী লঞ্চে ওঠে নূরুন্নবী।

তার পাশের সিটেই ছিল অপহরণকারী সাগর গাজী।

ভোর রাতে লঞ্চটি হিজলার ধূলখোলা ঘাটে থামলে মেহেন্দিগঞ্জ পৌঁছে দেয়ার কথা বলে নূরুন্নবীকে নিয়ে লঞ্চ থেকে নেমে পড়ে সাগর গাজী।

পরে তাকে মান্দ্রাচর কুসরিয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে সাগর ও হাজেরা দম্পতি।

পরে নূরুন্নবীর পরিবার বিষয়টি পুলিশকে জানান। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে শনিবার রাতে নূরুন্নবীর অবস্থান নিশ্চিত হয়।