সিলেটে ট্যাংক লরি শ্রমিকদের ধর্মঘট
মামলা প্রত্যাহার ও ভারতে ডিজেল পাচারকারীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সিলেটের ট্যাংক লরি শ্রমিকরা।
সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘটে রোববার সকাল থেকে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। অনেক পেট্রোল পাম্পে জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে।
ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, গত ১৮ মার্চ নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার পথে নয় হাজার লিটার ডিজেল আটক করে পুলিশে দেয় সিলেটের ট্যাংক লরি শ্রমিকরা।
কিন্ত পুলিশ আটককৃত ট্যাংক লরিটি ছেড়ে দেয় অভিযোগ করে তিনি বলেন, উল্টো গত ২৬ মার্চ তেল পাচারকারীরা সিলেটের ট্যাংক লরি শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার প্রত্যাহার ও তেল পাচারকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
