২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচন স্থগিত

পঞ্চম দফায় উপজেলা নির্বাচনে ভোট শুরুর আগের দিন আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোট।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 02:55 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে রোববার চিঠি পাঠিয়ে ভোট স্থগিতের কথা জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, “ওই উপজেলার খসড়া ভোটকন্দ্রের তালিকা ১৯ মার্চ থেকে পরবর্তী তিন মাসের জন্য স্থগিত করেছে আদালত। হাই কোর্ট বিভাগের আদেশের ফলে আইনি জটিলতা পরিহারের সুবিধার্থে ইসি ঠাকুরগাঁও সদর উপজেলার ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

পঞ্চম ধাপের নির্বাচনে ৩১ মার্চ ভোট হবে ৩৪ জেলার ৭৩টি উপজেলায়।

ঠাকুরগাঁও সদর উপজেলার ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণের ওপর আদালতের স্থগিতাদেশ দিয়েছে। সদর উপজেলায় আগের ১৫৭টি কেন্দ্রের সঙ্গে পঞ্চম দফার নির্বাচনের জন্য আরো ২৮টি নতুন কেন্দ্র গঠন করা হয়।

নতুন কেন্দ্রগুলো বাতিলের বিষয়ে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর হাই কোর্টে একটি রিট আবেদন করলে বৃহস্পতিবার ওই কেন্দ্রগুলোর বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নিতে বলা হয়।