রানা প্লাজায় নিখোঁজ ১৪৬ শ্রমিকের পূর্ণ পরিচয় দিল শ্রমিক সংহতি
১৪৬ জনের পূর্ণাঙ্গ পরিচয়সহ রানা প্লাজা ধসে নিখোঁজ মোট ১৮৩ জনের খসড়া একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নামের একটি শ্রমিক সংগঠন।
রানা প্লাজা ধসে ‘প্রকৃত’ নিখোঁজ ২৬১
এই তালিকার বাইরে ওই ঘটনায় নিখোঁজ আরো শ্রমিকের নাম এবং পূর্ণাঙ্গ পরিচয় পেতে এখনো কাজ চলছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিখোঁজদের ওই তালিকা প্রকাশের পাশাপাশি সাতদফা দাবি তুলে ধরে পোশাক শিল্প শ্রমিকদের এই সংগঠনটি।
বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ওই ভবন ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি ২৬১ জনের কোনো সন্ধান পায়নি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনী।
গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনীর তালিকা ও সরকার গঠিত পরিদর্শক তালিকার পাশাপাশি তারাও একটি তালিকা করেন। তিন তালিকার সমন্বয় ঘটিয়ে মোট ১৪৬ জনের পূর্ণাঙ্গ পরিচয়সহ খসড়া তালিকা তৈরি করেন তারা।
১৪৬ জনের পর থেকে বাকিদের নাম সরকারি পরিদর্শক দলের তালিকায় থাকলেও সেখানে থাকা ঠিকানানুযায়ী তাদের অনেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
তাসলিমা বলেন, “তবে এ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ধারণা করছি, প্রকৃত নিখোঁজের সংখ্যা আরো অনেক বাড়বে। শিগগিরই তাদের পূর্ণাঙ্গ পরিচয়সহ আমরা তালিকা প্রকাশ করতে পারব।”
সেনাবাহিনী এবং পরিদর্শক দলের তালিকায় নেই এমন নয়জন শ্রমিকের নাম শ্রমিক সংহতির তালিকায় রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে রানা প্লাজার ধসের স্মরণে ২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা দিবস ও শোক দিবস ঘোষণা করে সব কারখানা বন্ধ রাখাসহ সাত দফা দাবি জানানো হয়।
অন্য দাবির মধ্যে রয়েছে, নিহত ও নিখোঁজ শ্রমিকদের তালিকা থেকে অসঙ্গতি দূর করা, ক্ষতিগ্রস্ত সবাইকে যথাযথ ক্ষতিপূরণ দেয়া, ডিএনএ সনাক্ত হওয়াদের কবর বুঝিয়ে দেয়া এবং ধ্বংসাবশেষে পাওয়া সব হাড়-কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা।
রানা প্লাজার মালিক সোহেল রানাসহ দোষীদের জামিন বাতিল ও দ্রুত শাস্তি দেয়াও ওই সাতদফা দাবির মধ্যে রয়েছে।
তাসলিমা বলেন, দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচির পর ২৫ এপ্রিল শাহবাগে সংহতি সমাবেশ করবেন তারা।
