২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতকর্মীর হামলায় আহলে সুন্নত সমর্থক খুন

পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নত ওয়াল জামাতের এক সমর্থককে হত্যা করেছে জামায়াতে ইসলামীর এক কর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 10:35 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

নিহত আবু সৈয়দ (৫৮) শিলক ইউনিয়নের রাজা পাড়া এলাকার বাসিন্দা। তিনি শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ অলি জানান, শুক্রবার বিকালে উপজেলার রোয়াজারহাট বাজার এলাকায় আবু সৈয়দের ওপর হামলা চালায় একই গ্রামের হাবিবুর রহমান (৫৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে একটি ছুরি দিয়ে আবু সৈয়দের গলার ডানপাশে আঘাত করে হাবিবুর। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ওয়ালিউল্লাহ বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত আবু সৈয়দ আহলে সুন্নত ওয়ালে জামাতের সমর্থক এবং হাবিবুর জামায়াতের সমর্থক।”

এঘটনায় হাবিবুরকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।