খালেদা ও তারেক ‘পাগলের প্রলাপ’ বকছেন: শাজাহান খান
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি আখ্যা দিয়ে খালেদা জিয়া ও তারেক জিয়া ‘পাগলের প্রলাপ’ বকছেন বলে মন্তব্য করছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।
শুক্রবার চট্টগ্রাম বন্দর হাসপাতালে ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য এক চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ফাইল ছবি
নৌমন্ত্রী বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি বলে খালেদা জিয়া ও তারেক জিয়া নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন।
“এটা অদ্ভূত ব্যাপার। আমি তো মনে করি এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু না। ক্ষমতা হারিয়ে পাগল হয়ে যাওয়ায় তাদের এ দুরবস্থা।”
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষতায় আসার পর চিকিৎসা সেবা দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করেছিল।
“কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর খালেদা জিয়া সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ করে ‘গরু ছাগলের ঘর’ বানিয়েছিল।”
আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার সেগুলো চালু করেছে বলে জানান নৌমন্ত্রী।
আজমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমদ।
