খালেদা ও তারেককে বক্তব্য প্রত্যাহারে ছাত্রলীগের আল্টিমেটাম
জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ ও ‘স্বাধীনতার ঘোষক’ বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে যে দাবি করেছেন, তা প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনের এক বিক্ষোভ সমাবেশ থেকে খালেদা জিয়া এবং তারেক রহমানকে একদিনের সময় বেঁধে দিয়ে এই আল্টিমেটাম দেন ছাত্রলীগ নেতারা।
এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে, একই দাবিতে আগামী ৩০ মার্চ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশরও ডাক দেয় সংগঠনটি।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, “সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে খালেদা জিয়া ও তার সন্তান এখন ইতিহাস বিকৃতির নোংরা খেলায় মেতে উঠেছে। একটি রাজনৈতিক দলের প্রধানের এমন বক্তব্যে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ এবং হতাশ হয়েছে।”
তিনি বলেন, “এই বক্তব্য প্রত্যাহার করে এক দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রলীগ দেশের সব সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।”
সমাবেশের সঞ্চালক যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত বলেন, “ইতিহাস বিকৃত করে বক্তব্য দেয়া বিএনপির স্বভাবে পরিণত হয়েছে। মিথ্যা কথা বলে এবং ইতিহাস বিকৃতি করে জনগণের সমর্থন পাওয়া যাবে না। এই মিথ্যাচারের জন্য জনগণের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।”
বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাবি সভাপতি মেহেদি হাসান মোল্যা, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দী, ইমাউল হক সরকার টিটু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাসানুজ্জামান তারেকসহ ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হল ইউনিটের নেতৃবৃন্দ।
