২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ বছর পর নওগাঁর ৭ বীরঙ্গনা সংবর্ধিত

মুক্তিযুদ্ধে পাক হানাদারদের নির্যাতনের শিকার নওগাঁর রানীনগর ও আত্রাইল সাত বীরাঙ্গনাকে সংবর্ধনা দিয়েছে একটি সংগঠন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বুধবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে আত্রাই উপজেলা পরিষদ চত্বরে বীরঙ্গনাদের আনুষ্ঠানিক এ সংবর্ধনা দেয় নারী সংগঠন চেষ্টা।

রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামের বীরঙ্গনা শান্তি বালা পাল (৬৫), রেণু বালা পাল (৭০), মায়া রাণী পাল (৭৫), রাশ মুণি সূত্রধর (৭০), খেন্ত রাণী সুত্রধর (৮০), আত্রাই উপজেলার সন্ধ্যা রাণী (৬৫) ও সমর্থ বানকে (৭০) সংবর্ধনা দেয় তারা।

স্বাধীনতার ৪৩ বছর পরে হলেও শেষ বয়সে সংবধর্না খুশি হয়েছেন বলে জানিয়েছেন বীরঙ্গনারা।

বৃদ্ধ বয়সে ভালভাবে বেঁচে থাকার জন্য বীরঙ্গনাদের চেষ্টার পক্ষ থেকে পাঁচটি এবং স্থানীয় সংসদ সদস্যর ব্যক্তিগত তহবিল থেকে দুটি গরু বিতরণ করা হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।

ইসরাফিল আলম বলেন, “বীরকন্যাদের সংবর্ধনা দিতে পেরে আজ আমরা নিজেদের ধন্য মনে করছি।

“যারা এসব মা বোনদের নির্যাতন করেছে, তাদের স্বামী, সন্তানদের হত্যা করেছে ও তাদের সম্ভ্রম লুট করেছে, জাতি তাদের কোনদিন ক্ষমা করবে না।”

চেষ্টার সভানেত্রী সেলিনা বেগম শেলীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।