ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৪
বগুড়া সোনাতলা উপজেলায় লেভেল ক্রসিংয়ে ভটভটিতে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ভেলুরপাড়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে ছারোয়ার জাহান (৪৫) নামের আরও একজন গরু ব্যবসায়ী মারা যান বলে জানিয়েছেন সোনাতলা থানার ওসি খালেকুজ্জামান।
এ দুর্ঘটনায় আহত দুলু শেখ (৪২) আব্দুর রাজ্জাক (৪৪) নামে আরো দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ভটভটি চালক আলম (৪৫), সোনাতলা কাবিলপুরের বাসিন্দা তাহের (৩০) ও গৈরচৈতন্যপুরের বাসিন্দা নায়েব আলী (৪৫) মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
বগুড়া রেলের উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
সোনাতলা থানার ওসি খালেকুজ্জামান বলেন, “গবাদিপশু নিয়ে ওই ভটভটি ভেলুরপাড়া কলেজ স্টেশনে গরুর হাটে যাচ্ছিল। ক্রসিং পার হওয়ার সময় লাইনের উপর হঠাৎ ভটভটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় তিনজন ঘটনাস্থলেই মারা যান।”
ভটভটিতে থাকা একটি গরু ও দুটি ছাগলও মারা যায় বলে জানান তিনি।
