হাজীগঞ্জে স্থগিত ২ কেন্দ্রে ভোটগ্রহণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্রে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে।
গত ১৫ মার্চ অনুষ্ঠিত এ উপজেলা নির্বাচনে ৭৯টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। এ দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা চার হাজার সাতশ’ ৬২ জন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে চার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন্দ্র দুটি হচ্ছে, পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়।
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের সমস্যা হয়নি। ভোটার উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে।
পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাশিকুর রহমান জানান, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।
ঘোষিত ৭৭টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ মজুমদার আনারস প্রতীকে ৫১ হাজার ৬৫৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৯৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি প্রজাপতি প্রতীকে ৫০ হজার পাঁচশ’ ৫৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত পারভীন ইসলাম কলস প্রতীকে ৪৯ হাজার ৩৬১ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরনের গোলযোগ এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
