স্বাধীনতা দিবসে বঙ্গভবনে মিলনমেলা
স্বাধীনতা দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল বঙ্গভবন।
বুধবার বিকেলে বঙ্গভবন প্রাঙ্গণে আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
সংবর্ধনার এই আয়োজনে ভিন্ন মাত্রা আনে বরেণ্য শিল্পীদের দেশাত্মবোধক ও লোকগান আর শিশুশিল্পী ও সশস্ত্র বাহিনীর বাদক দলের সংগীতের মূর্ছনা।
স্বাধীনতার ৪৩তম বার্ষিকীতে বিকেলে সবার সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল পৌনে ৫টায় স্ত্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের মাঠে আসেন রাষ্ট্রপতি। তার আগেই আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি সস্ত্রীক মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে শুরু হয় জাতীয় সঙ্গীত।
পরস্পর কুশল বিনিময়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এরপর অনুষ্ঠান মাঠে ভিভিআইপিদের জন্য সংরক্ষিত এলাকায় (এনক্লোজার) স্বাধীনতা দিবসের কেক কাটেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর তারা মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি অতিথি, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানসহ সমারিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যান্যের মধ্যে বঙ্গভবনের এই সংবর্ধনায় অংশ নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে অনুষ্ঠানস্থলে দেখা যায়নি।
অনুষ্ঠানস্থলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসার আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। কিছু সময় পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকেও এরশাদের পাশে থাকতে দেখা যায়।
ভিভিআইপি এনক্লোজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরশাদ বসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পাশে।
অনুষ্ঠানে শিল্পী ফকির আলমগীর, রফিকুল আলম, খায়রুল আনাম শাকিল, শাকিলা জাফর, চন্দনা মজুমদার ও অদিতি মহসিন সংগীত পরিবেশন করেন।
