সোমবার আসছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকান
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান সোমবার ঢাকা আসছেন।
এ সফরে সাভারে রানা প্লাজা ধসে আহতদের মধ্যে যারা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে রয়েছেন তাদের দেখতে যাবেন ডানকান। এ সময় তিনি তাদের পুর্বাসনের বিষয়ে খোঁজখবর নেবেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন পক্ষের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতারা জানিয়েছেন।
রানা প্লাজা ট্রাজেডির এক বছর পূর্তির আগেই ঢাকা আসছেন ডানকান।
গত বছরের ২৪ এপ্রিল ভয়াবহ ওই ধসে ১১শর বেশি মানুষের প্রাণহানি হয়, যাদের মধ্যে অধিকাংশই ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার শ্রমিক।
ভবন ধসের পর দেশে-বিদেশে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতের বিষয়ে আলোচনার ঝড় উঠে।
এরই মধ্যে গত বছর জুনে ঢাকা এসে বাংলাদেশে কারখানার পরিবেশ উন্নয়ন ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনে ২৭ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দেন ব্রিটিশ এই মন্ত্রী।
সে সময় তিনি ক্রেতাদের ‘বাংলাদেশ বর্জনের’ বিরুদ্ধেও কথা বলেছিলেন।
