২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রীপুরের নির্বাচন হবে মডেল’

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন ‘একটি মডেল নির্বাচন’ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 10:50 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, শতভাগ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্বাচন হবে, ১২৬টি কেন্দ্রের প্রতিটিতেই মোতায়েন থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

সভায় জানানো হয়েছে, মোট ৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাবে।

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজীজ হায়দার ভুঁইয়া প্রমুখ।

গত ১৫ মার্চ শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ৮ মার্চ দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী নিহত হন।

এরপর নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আগামী ৩১ মার্চ শ্রীপুর উপজেলার নির্বাচন হওয়ার কথা রয়েছে।