দ্বন্দ্বের বিষয়টি ঠিক নয়: কেভিন স্টিল
পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের কারণে পদত্যাগের খবর ঠিক নয় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পদত্যাগী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন জন স্টিল।
মঙ্গলবার গণমাধ্যমে কাছে পাঠানো এক ইমেইল বার্তায় নিজের পদত্যাগের কারণ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য নাকচ করে দিয়ে রাষ্ট্রায়ত্ব এ প্রতিষ্ঠানের প্রথম বিদেশি এমডি কেভিন স্টিল দাবি করেন, স্বাস্থ্যগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
গত রোববার কয়েকটি গণমাধ্যমের কাছে পদত্যাগ করার কথা স্বীকার করেন কেভিন।
ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পদত্যাগের পেছনে ‘স্বাস্থ্যগত’ কারণের কথা বললেও পরদিন কয়েকটি দৈনিকে দাবি করা হয়, বিমানের পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বেরর কারণেই পদত্যাগ করেছেন কেভিন।
ই-মেইল বার্তায় কেভিন জানান, গত বছরের ডিসেম্বরেই তিনি পদত্যাগপত্র বিমান কর্তৃপক্ষকে জমা দেন।
বিমানের অফিসিয়াল প্যাডে লেখা এ বার্তায় বিমানের পরিচালনা পর্ষদ এবং চেয়ারম্যানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন তিনি।
কেভিন ই-মেইল বার্তায় বলেন, “গত একবছর কাজের সুবাদে বিমান চেয়ারম্যান ও বোর্ডের কাছ থেকে সব ধরনের সহযোগিতাই আমি পেয়েছি। বোর্ডের সব সদস্যের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। বোর্ড আমাকে কখনো এমন কিছু বলেনি বা করতে বাধ্য করেনি, যার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।
“মুলত গত ৪/৫ মাস আগে বাংলাদেশে ফেরার পরে আমি যক্ষা রোগে আক্রান্ত হই। সেসময় মস্তিকে রক্তক্ষরণ জাতীয় সমস্যায়ও ভুগতে হয়েছে। এর মানে হলো বিমানের সঙ্গে করা চুক্তি অনুসারে সপ্তাহে ৭০-৮০ ঘণ্টা কাজ করা আমার পক্ষে এখন সম্ভব নয়।”
আগামী ১৭ এপ্রিল নিজ দেশ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা জানান কেভিন।
বার্তায় তিনি প্রধানমন্ত্রী ও বিমানমন্ত্রীসহ বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০১৩ সালের ১৮ মার্চ দায়িত্ব নিয়েছিলেন কেভিন।
দায়িত্ব দিতে ৪২ জন প্রার্থীর মধ্য থেকে যুক্তরাজ্যের নাগরিক কেভিন স্টিলকে বেছে নেয় বিমান পরিচালনা পর্ষদ।
এরপর বিমানের প্রথম বিদেশি এমডি হিসেবে ঢাকায় আসেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক এই কর্মকর্তা।
