২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছয়তলা থেকে পড়ে কলেজছাত্রী আহত

সিরাজগঞ্জ শহরের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 08:03 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার বিকালে এসএস রোডের ফ্রেন্ড্রস প্লাজার ছাদ থেকে পড়ে যান মাহমুদা খাতুন লিজা (১৮)। লিজা সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পেশকার লিয়াকত আলীর মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রী।

সিরাজগঞ্জের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েঠে।

সেখানে তাকে জীবন রক্ষাকারী সরঞ্জাম দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

স্থানীয়দের ধারণা, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে।

লিজার মামা মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবার নিয়ে তার ভগ্নিপতি শহরের এসএস রোড়ের বিআরবি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকেন।

বিকালে ভাগ্নি লিজাকে তার এক বান্ধবী বাসা থেকে ডেকে পাশের ফ্রেন্ড্রস প্লাজার ছয়তলার ছাদে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই ছাদ থেকে পড়ে লিজা গুরুতর আহত হয়।

মিন্টু জানান, তবে লিজা ছাদ থেকে পড়ে গেছে, নাকি আত্মহত্যার জন্য লাফ দিয়েছে, নাকি হত্যার জন্য কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তারা নিশ্চিত হতে পারেননি।

তবে ঘটনার পর থেকে ফ্রেন্ড্রস প্লাজার মালিক সুনীল চন্দ্র তার বাসা ও ফ্রেন্ড্রস মেডিকেল হল নামের দোকানে তালা দিয়ে পরিবারসহ গা ঢাকা দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক লিজার এক বান্ধবী জানান, ফ্রেন্ডস প্লাজার মালিক সুনীল  চন্দ্রের ছেলে রাজিবের সঙ্গে লিজার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হবার পর উভয় পরিবারের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে।

বিকালে এক বান্ধবীর মাধ্যমে রাজিব লিজাকে ছাদে ডেকে নিয়ে যাবার পরই ওই ঘটনা ঘটায় কেউ লিজাকে ছাদ থেকে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ আসেনি বলেও জানান তিনি।