মাগুরায় ১৭ বিএনপি নেতাকর্মী কারাগারে
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বাধা, পুলিশের উপর হামলাসহ কয়েকটি অভিযোগে করা মামলায় মাগুরা জেলা বিএনপির সভাপতিসহ ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিএনপি, ছাত্রদল, যুবদলের এসব নেতাকর্মীরা হলেন জেলা বিএনপি সভাপতি কবীর মুরাদ, মাহবুবুল আলম টিপু, আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, মিজানুর রহমান মিজান, হাসান, অমিত, জনি, সোহেল, সাকের, এখলাছ নায়েব, রাসেল, কাজল, অনি, মাসুদ, আরজু।
জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মিনহাজুদ্দিন জানান, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা শহরের পারনান্দুয়ালী ভোট কেন্দ্রে ভোটদানে বাধা, পুলিশের উপর বোমা হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সদর থানায় গত ৮ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কবীর মুরাদসহ ২৩ জনের বিরুদ্ধে তিনটি মামলায় করে।
আসামিরা গত ২৪ ফেব্রুয়ারি হাই কোর্ট থেকে এক মাসের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে এই ১৭ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নাকচ করে দেন।
