২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের সাবেক এসপি মোস্তফা কামাল কারাগারে

ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে ৩৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রেলওয়ে পুলিশের সাবেক এসপি মোস্তফা কামালকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 04:52 PM

Updated : 22 Aug 2022, 05:57 PM

তিনি সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়ের আদালতে আত্মসমর্পণ করলে এই আদেশ দেয়া হয় বলে মামলার বাদী এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমদের আইনজীবী এমদাদুল হক লাল জানিয়েছেন।

মোস্তফা কামালকে দেয়া হাই কোর্টের জামিন আদেশ বাতিল করে গত ১১ মার্চ দুই সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।

সালাহ উদ্দিন আহমদকে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ১৯ ডিসেম্বর মোস্তফা কামালকে যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত।

দণ্ডবিধির ৪০৯ ধারায় সরকারি কর্মকর্তা হয়ে বিশ্বাসভঙ্গের অভিযোগে তাকে যাবজ্জীবন (৩০ বছর) এবং দণ্ডবিধির ১৬১ ও ১৬৭ ও দুর্নীতি দমন আইনের ৫(২) ধারা প্রমাণিত হওয়ায় তাকে আরও ৫ বছরের সাজা দেয়া হয়।

হবিগঞ্জের তৎকালীন এসপি মোস্তফা কামালকে আদালত ৩৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে।

জরিমানার ৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ও বাকি ২৫ লাখ টাকা মামলার বাদীকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

২০০৩ সালের ২০ নভেম্বরে এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল ও এসআই ওয়াহেদ মিয়ার বিরুদ্ধে এ মামলা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় হবিগঞ্জের মাধবপুর থানার সাবেক এসআই ওয়াহেদ মিয়া খালাস পেয়েছেন।