খুলনায় ডিপোতে তেল উত্তোলন বন্ধ, নির্যাতনের অভিযোগ
পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
সোমবার সকাল ৮টা থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী।
তিনি অভিযোগ করেন, রোববার গভীর রাতে ইউনিয়নের চার শ্রমিককে খালিশপুর থানা পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে। পুলিশের এ আচরণের প্রতিবাদে শ্রমিকরা তেল উত্তোলন বন্ধ রেখেছেন।
এদিকে বেলা ১টায় ইউনিয়নের কার্যালয়ে এক জরুরি সভায় খালিশপুর থানার ওসি এস এম কামরুজ্জামানের অপসারণ দাবি করা হয়েছে।
চার শ্রমিককে আটকের কথা স্বীকার করলেও তাদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
ওসি কামরুজ্জামান বলেন, “আটকের সময় তাদের কাছে সংগঠনের পরিচয়পত্র ছিল না। সোমবার সকালে শ্রমিক নেতারা থানায় আসলে চার শ্রমিককে ছেড়ে দেয়া হয়।”
তেল উত্তোলন বন্ধ থাকায় বিভাগের ১০টি ও ফরিদপুরের ৫ জেলার পেট্রোল পাম্প মালিকরা বিপাকে পড়েছেন। তিনটি ডিপোর সামনে ট্যাংকলরির দীর্ঘ জট তৈরি হয়েছে।
