খোকসার আ. লীগ নেতাসহ দুইজন খুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় রাস্তার পাশে কুষ্টিয়ার এক আওয়ামী লীগ নেতাসহ দুইজনের গুলিবিদ্ধ লাশ পেয়েছে পুলিশ।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কে এম মোহাব্বত হোসেন দুলাল (৫২) এবং দলটির স্থানীয় কর্মী ফিরোজ মাহবুব কামাল (৫৫)।
পাংশা থানার ওসি আবুল বাশার জানান, সোমবার সকাল ৬টার দিকে মাছপাড়া ইউনিয়নের বাগবিঞ্জুপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে তাদের লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে আবুল বাশার জানান, “নিহতদের মুখ ছিল টেপ দিয়ে আটকানো। দুজনকেই মাথায় গুলি করা হয়েছে।”
দুলাল ও কামালের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামে। তারা ঠিকাদারী করতেন।
খোকসা উপজেলা আওয়ামী লীগের নেতা ও পরিবারের সদস্যরা বলছেন, দুলাল ও কামাল রোববার রাত ১২টার দিকে খোকসার শোমসপুর বাজার থেকে বাড়ির পথে রওনা হন।
সকালে ওই বাজারের প্রায় ২০ কিলোমিটার দূরে পাংশায় তাদের লাশ পাওয়ার পর পরিবারকে খবর দেয় পুলিশ।
কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি পাংশার ওসি।
তবে নিহত কামালের ছেলে ইমরান (২৬) বলছেন, রাতে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে করে তার বাবা ও মোহাব্বত হোসেন দুলালকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানতে পেরেছেন।
খোকসা থানার ওসি আলী নওয়াজ বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।”
রাজবাড়ীর পুলিশ সুপার মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন, সহকারী পুলিশ সুপার কাজী আহসান হাবিব ও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সদরউদ্দিন খানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
