সাতকানিয়ায় ব্যালট বাক্স বাইরে এনে আগুন
উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ভোট কেন্দ্রের আটটি ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা।
রোববার বেলা ৩টার দিকে ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনায় একজন আহত হন বলে প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিছু লোক ভোট কেন্দ্রে প্রবেশ করে আটটি ব্যালট বাক্স স্কুলের মাঠে জড়ো করে আগুন ধরিয়ে দেয়।”
হামলার পর বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
মেহেদী হাসান হামলাকারীদের পরিচয় জানাতে না পারলেও স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
জামায়াতে ইসলামী অধ্যুষিত হিসাবে পরিচিতি ওই এলাকার ঢেমশা স্কুল কেন্দ্রের আটটি বুথে ২ হাজার ৭৫০ জনের ভোটগ্রহণের ব্যবস্থা ছিল। বেলা ১২টা পর্যন্ত ভোট পড়ে ৮০০ জনের।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ছোট হাতিয়া লক্ষীবিবি এবতেদিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের পর ছয়টি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায় উভয় পক্ষের লোকজন।
এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় গুলিবিনিময়ে আহত হন একজন।
পরে বেলা সোয়া ১টার দিকে একটি পক্ষ পাঁচটি ব্যালট বাক্স ফিরিয়ে দিয়ে যায় বলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বেলাল মোহাম্মদ চৌধুরী জানান।
বাক্স ফিরলেও পরে আর ভোটগ্রহণ হয়নি বলে কর্মকর্তারা জানান।
বেলা দেড়টার দিকে জনার কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণও আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বন্ধ হয়ে যায়।
এরপর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু রায়হান মোহাম্মদ আশিকুর রহমান ভোটগ্রহণ বন্ধ করে দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বেলা ৩টার দিকে ভোটগ্রহণ আবার শুরু হয়।
এছাড়া ছদাহা কেফায়েত উল্লাহ বশির আহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একপক্ষের দখলের চেষ্টার পর ১০৯টি ব্যালট বাতিল ঘোষণা করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অজিত কান্তি দাশ।
এ নির্বাচনে সাতাকনিয়া উপজেলার চেয়ারম্যান হতে আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপি সমর্থিত মিলিয়ে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জামায়াত সমর্থিত প্রার্থী জসিম উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী মাহফজুর রহমান বলেন, সাতকানিয়ায় ৫০ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু ভোট হলেও বাকিগুলোতে সরকারদলীয় লোকজন জোর করে নিজেদের পক্ষে সিল মেরেছেন।
বিএনপি সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের নামে এখানে প্রহসন হয়েছে। নির্বাচন থেকে মানুষের আস্থা সরিয়ে নিতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ ধরনের ঘটনা ঘটিয়েছে।”
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবছার চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
