মানুষ এখন ভোট দিতে পারছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন এখন স্বাধীন বলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে, যা আগে ছিল না।
উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে রোববার ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেইশির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়াদি তুলে ধরতে ঢাকায় আসা কোরায়েশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করেন।
বৈঠকে তিনি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের সময় তার অভিজ্ঞতা তুলে ধরেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান।
“ভারতীয় উপমহাদেশে ১০০ কোটি ভোটার থাকার কথা উল্লেখ করে এস ওয়াই কুরেইশি বলেন, বিশ্ব গণতন্ত্রের বিশাল অংশ আমরাই প্রতিনিধিত্ব করি।”
দশম জাতীয় সংসদ সুষ্ঠুভাবে শেষ হওয়ায় কুরেইশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে শাকিল জানান।
বাংলাদেশে সার্চ কমিটি গঠন করে সবার মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠনের কথা ভারতের সাবেক সিইসিকে জানান হাসিনা।
“অতীতে সরকারগুলো তাদের পছন্দমতো নির্বাচন কমিশন গঠন করেছে। জনগণ এখন উৎসাহ ও উদ্দীপনার সাথে ভোট দিতে পারছে।”
উপজেলা নির্বাচনের চতুর্থ পর্যায়ে ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের সাবেক সিইসির এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।
বিএনপি এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কুরেইশি দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়নকে বিস্ময়কর বলে অভিহিত করেন।
বৈঠকে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন।
