বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের সুপারিশ
ঢাকায় এক কর্মশালায় বৈষম্য বিলোপ আইনের খসড়া উপস্থাপনের পর তা দ্রুত প্রণয়নের সুপারিশ জানিয়েছেন আলোচকরা।
বিচার প্রশাসন ইনস্টিটিউটে শনিবারের এই অনুষ্ঠানে সবার কথা শুনে আইনমন্ত্রী আনিসুল হক আইনটি দ্রুত প্রণয়নের আশ্বাস দিয়েছেন।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে এই কর্মশালায় আলোচনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফাজহানা ইসলামও অংশ নেন।
সভায় দলিতদের প্রতিনিধি হিসেবে আইনজীবী বাবুল চন্দ্র দাস তার জীবনে ঘটে যাওয়া দুটি ঘটনা তুলে ধরে বর্তমানে সমাজে বৈষম্যের চিত্র ফুটিয়ে তোলেন।
১৯৯৯ সন থেকে জয়পুরহাটের আদালতে আইন পেশায় কাজ করছেন বাবুল। তবে দলিত হওয়ায় একবার ক্যান্টিনে পানি খেতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।
নিজে ও সঙ্গীদের পানি খাওয়ার পর ওই ক্যান্টিনে অনেকগুলো গ্লাস কিনে দিয়ে রেহাই পেয়েছিলেন এই আইনজীবী।
আরেকদিন চা খেতে গেল এক দোকানে তাকে তা দেয়া হয়নি জানিয়ে বাবুল বলেন, “পরে ওই দোকানের কাপে একটি বানরকে চা খেতে দেয়া হয়েছিল। অথচ মানুষ হয়েও আমি তা পাইনি।”
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর এই বৈষম্যে খেদ প্রকাশ করে বলেন, “মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সেই স্বপ্ন নিয়েই এই আইন। কে হরিজন, কে দলিত, কে হিজরা- সে ভেদাভেদ আমরা রাখব না।”
মিটফোর্ড হাসপাতালের সুইপারদের অস্বাস্থ্যকর আবাসন পরিবেশের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “যারা আমাদের পরিচ্ছন্নতা উপহার দেন, তাদেরকেই বাস করতে বাধ্য করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে।”
দলিত জনগোষ্ঠী এতদিন যে বঞ্চনার শিকার হয়েছেন, তার জন্য রাষ্ট্রকে কোনো না কোনোভাবে ক্ষতিপূরণ দিতে হবে, বলেন মিজানুর।
বিচারপতি খায়রুল হক বলেন, “সংবিধানের ২৭, ২৮ অনুচ্ছেদে বৈষম্য বিলোপের কথা বলা হয়েছে। তারপরও আমাদের এ আইন করতে হচ্ছে।
“নতুন নতুন সমস্যায় নতুন আইন হতে পারে। আমাদের সাংস্কৃতিক মূল্যবোধে, মনোজগতে বৈষম্য দূর করতে হবে। কে হরিজন, কে দলিত- এ পরিচয় না থেকে মানুষ পরিচয়টাই সবার উপরে দেখতে হবে।”
সাবেক এই প্রধান বিচারপতি আদালতে মামলাজট কমাতে উচ্চ আদালতের বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মামলা এলেই স্থগিতাদেশ দেবেন না। এ বিষয়ে ভালোভাবে নজর রাখতে হবে।”
আইনমন্ত্রী আনিসুল হক বৈষম্য বিলোপ আইনের বিষয়ে বলেন, “এ আইন আমাদের দেশের সংবিধানের ধারাবাহিকতায় এসেছে। এই আইনের শুভ সূচনার সময় এ বিষয়ে আরো আলোচনা দরকার। আশা করি আমরা আমাদের সময়েই এ আইন পাস করে যেতে পারব।”
কর্মশালায় বৈষম্য বিলোপ আইনের খসড়া উপস্থাপন করেন আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম।
মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শাহনাজ হুদা, হাফিজুর রহমান কার্জন, এম এম আনিস আলম, গবেষণা প্রতিষ্ঠান আরডিসির কর্মকর্তা জান্নাতী ফেরদৌসী, মানবাধিকার কমিশনের সচিব তাজুল ইসলাম, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, শশাঙ্ক রিসিল, দলিতদের প্রতিনিধি মুকুল চন্দ্র শিকদার, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি জয়া শিকদার প্রমুখ।
