এএসআই ‘লাঞ্ছিত’ করলেন ইউএনওকে
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে সহকারী রির্টানিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে।
শনিবার বিকালে ইইএনও অফিসের মাঠে লাঞ্ছিত হন ইউএনও এটিএম মাহবুব-উল-করিম।
এ ঘটনায় রাতে গজারিয়া থানার এএসআই এমদাদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি তদন্ত করার জন্য তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
রোববার এই উপজেলায় ভোট গ্রহণ হবে।
ইউএনও এটিএম মাহবুব-উল-করিম জানান, ইউএনও অফিস থেকে প্রিসাইডিং অফিসারদের দেয়া নির্বাচনী সামগ্রীতে নম্বর না থাকায় তিনি লোক ডেকে নাম্বারিং করান।
একটু পরে এএসআই এমদাদুল এসে এই নম্বর ছিঁড়ে ফেলেন এবং নম্বর লাগানোর জন্য গালাগাল করেন।
তার কাছে থাকা ইউএনও বিষয়টি জিজ্ঞেস করতেই এমদাদুল তার কলার ধরে টানাহেঁচড়া করেন এবং গালাগাল দেন।
এ ব্যাপারে এএসআই এমদাদুল হক বলেন, “ইউএনও আমাকে গালি দিয়েছেন হারামজাদা বলে। তাই আমিও তাকে গালিগালজ করেছি। তবে প্রথমে আমি চিনতে পারিনি।”
শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা অস্বীকার করেন এমদাদুল।
এ ব্যাপারে মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় এসএসআই এমদাদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তদন্ত কমিটি
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা রির্টানিং অফিসার মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী।
তিনি বলেন, সহকারী রির্টানিং অফিসারের লিখিত অভিযোগ পাওয়ামাত্র নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়।
এই কমিটি তদন্ত রিপোর্ট পাঠানোর পর নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার রাতে ঘটনাস্থলে স্বাক্ষ্য গ্রহণ করেন।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি বিস্ময়কর। পুলিশ সদস্য এমদাদুল হক কলারে ধরে ইএনওকে কিল-ঘুষিসহ অকথ্য ভাষায় গালাগাল দেন।
তদন্ত রিপোর্ট শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে জানান তিনি।
