১১৮ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি জাপানের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ১১৮ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।
বিদ্যুৎ, গ্যাস খাতের পাশাপাশি সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা সফররত ফুমিও কিশিদা শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্সের (ওডিএ) আওতায় বাংলাদেশকে ১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ সহায়তা দেবে জাপান।
“বিদ্যুৎ, গ্যাস, সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি কর্মকর্তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে এ অর্থ ব্যয় হবে।”
বর্তমানে শতাধিক কোম্পানি বাংলাদেশে কাজ করছে। আরো কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
শাকিল বলেন, ফুমিও কিশিদা বিশ্বমন্দা সত্ত্বেও শতকরা ৬ ভাগ প্রবৃদ্ধি ধরে রাখায় শেখ হাসিনার ‘বলিষ্ঠ ও সঠিক’ নেতৃত্বের প্রশংসা করেন।
বাংলাদেশে বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে জাপানের ভূমিকার কথা স্মরণ করে দেশটির বিনিয়োগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “জাপনি বিনিয়োগ বাড়লে ব্যক্তিগত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা করার জায়গা দেয়া হবে।”
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের প্রশংসা করে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সদস্যরা যোগ্যতার সাথে কাজ করছে। দক্ষিণ সুদানে শান্তিরক্ষায় জাপান এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করছে।
জাপান ও বাংলাদেশের সম্পর্ক ‘আত্মিক’ উল্লেখ করে তিনি এর পক্ষে দুই দেশের পতাকার সাদৃশ্যও তুলে ধরেন।
বৈঠকের শুরুতেই স্বাধীনতা দিবস উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্র শেখ হাসিনাকে হস্তান্তর করেন ফুমিও কিশিদা।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কিছু ছবিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে তিনি বলেন, “ওই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে ওঠে।”
বঙ্গবন্ধুর সঙ্গে ছোটবোন শেখ রেহানা এবং ছোট ভাই শেখ রাসেলের জাপান সফরের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে জাপানের সহায়তার কথা বিশেষভাবে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সেতু এবং ঢাকায় আন্তর্জাতিক মানের পাঁচতারা হোটেল সোনারগাঁও নির্মাণে জাপানি সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।
শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সফরের আমন্ত্রণ জানান ফুমিও কিশিদা। শেখ হাসিনা তা গ্রহণ করে বলেন, সুবিধাজনক সময়ে তিনি জাপান সফর করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার বৈঠকে উপস্থিত ছিলেন।
