খুলনায় ভর্তুকিতে সিলিন্ডার গ্যাসের দাবি
পাইপ লাইনে গ্যাস সরবরাহের আগ পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিলিন্ডার গ্যাসে ভর্তুকির দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
শনিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অঞ্চলের উন্নয়নে ১৮ দফা দাবি বাস্তবায়নে আগামী অর্থ বছরে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিও জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন।
তাদের দাবির মধ্যে রয়েছে, খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ ও ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন ও এর আগ পর্যন্ত ভর্তুকি-মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের ব্যবস্থা, খুলনায় আধুনিক রেল স্টেশন, খুলনা-দর্শনা ডবল রেল লাইন নির্মাণ ও ঢাকা-খুলনার মধ্যে আরো একটি দ্রুতগামী ট্রেন সার্ভিস চালু করা।
এছাড়া রেললাইন, বিমানবন্দর, পদ্মা সেতু, মংলা বন্দর আধুনিকায়ন, আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর, হাসপাতাল, শিল্পকলা এ্যাকাডেমি ও স্টেডিয়াম আধুনিকায়ন, ক্যাডেট কলেজ ও মেরিন অ্যাকাডেমি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের দাবি জানিযেছে তার।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, অধ্যক্ষ রেহানা ইসা ও অন্যরা।
