কেরানীগঞ্জে গ্যাসের লাইনে বিস্ফোরণ, ৫জন আহত
কেরানীগঞ্জের কালিগঞ্জে একটি পোশাক ধোলাইয়ের কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণের পর আগুন লেগে চারজন অগ্নিদগ্ধ এবং একজন আহত হয়েছেন।
আহতরা হলেন, ওই কারখানার মালিক জাহাঙ্গীর হোসেন (৪১), কর্মচারী দুলাল মিয়া(২২), শাহাদাত হোসেন (২৫), রাজীব (২৬) ও ফারুক (২৪)।
শনিবার ভোরে কালিগঞ্জের আমিন বাজারের মহুরীপট্টিতে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দ্বিতীয় তলা ভবনের নিচতলায় চোরাই গ্যাস লাইন টেনে রাতে প্যান্টসহ নানা পোশাক ধোলাইয়ের কাজ করতেন আহতরা। ভোরে ওই চোরাই গ্যাস লাইন বিস্ফোরণে আগুন ধরে গেলে তারা আহত হন।"
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বলেন, "আমাদের কোন কাজ করতে হয়নি। তবে বিস্ফোরণে একটি দেয়াল সম্পূর্ণ ধসে যায়।"
আহতদের মধ্যে ফারুককে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহত চারজনের শরীর পুড়ে গেছে। এছাড়া তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে।"
তিনি জানান, রাজীবের শরীরের ৪২ শতাংশ এবং বাকি তিনজনের ৫০ শতাংশের বেশি আগুনে পুড়ে গেছে । তাদের সবার অবস্থাই আশংকাজনক ।
