২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ব্যবসায়ী খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে, মাত্র এক সপ্তাহ আগে যার বিয়ে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 12:58 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

পরিবার বলছে, স্থানীয় দুই সহদোরের ‘মাদক ব্যবসার’ বিরোধিতা করায় এই হত্যাকাণ্ড।

নিহত রাকিবুল ইসলাম রকি (২৮) ইট-বালুর ব্যবসা করতেন। তিনি ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার আনোয়ার ইসলামের ছেলে।

শুক্রবার রাত ৮টার দিকে ফতুল্লার দেওভোগে নূর মসজিদ এলাকায় তাকে খুন করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান।

নিহতের বাবা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেওভোগ এলাকার রিয়াজ উদ্দিনের দুই ছেলে রাজু এবং সাজু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এরই প্রতিবাদ করেছিল রকি।”

রাতে নূর মসজিদ এলাকায় ওই দুই ভাই রকিকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে ছুরি মেরে পালিয়ে যায় বলে জানান তিনি।

আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রকির মৃত্যু হয়।

ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতুল্লার হোসাইনি নগর এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার জানান, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

হত্যার পর দুর্বৃত্তরা ওই ডোবায় লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।