২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন মেলায় মাতলো মুন্সীগঞ্জের এভিজেএম বিদ্যালয়

মহা সমারোহে মুন্সীগঞ্জ শহরের এভিজেএম, এলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন হয়েছে।

ফারহানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 08:52 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

এ উপলক্ষে শুক্রবার শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিদ্যালয় মাঠে শেষ হয়। সেখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

১৮৯২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এখন ১২২ বছরে পা রেখেছে। মুন্সীগঞ্জের ঐতিত্যের অংশ এই নারী বিদ্যাপীঠ।

নতুন পুরাতন ছাত্রীদের ভিড়ে এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ।

প্রাক্তনরা অনেকেই সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের সন্তানদেরও।

প্রাক্তনরা এখানে স্কুল জীবনের মতো হৈচৈ-এ মেতে ওঠেন। এক জায়গায় ৯৬ ব্যাচের শিক্ষার্থী শাহ্জাদী, রাজকুমার মুখার্জী, লাকী সুমিসহ প্রায় ১০ জন আড্ডা দিচ্ছিলেন।

তাদের একজন শাহ্জাদী আক্তার বলেন, “অনেকে কাছাকাছি থাকলেও সবার সাথে এভাবে দেখা হয় না। আর যারা দূরে থাকে তাদের তো দেখা পাওয়া কঠিন।

“কিন্তু আজ সবাই এক সাথে হওয়ায় অনেক স্মৃতিই মনে পড়ছে।

প্রাক্তন ছাত্রী এখন আইনজীবী নাসিমা আক্তার।

অনুষ্ঠানস্থলে তিনি বলেন, “স্কুল জীবনের বন্ধুদের আজ কাছে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। মনে হয় ফিরে যাই সেই দিনগুলোতে।”

শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি তহুরা জামান বলেন, “মিলন মেলায় প্রাণের ছোয়া থাকায় মনে হচ্ছে আয়োজনটি সার্থক হয়েছে।”