২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় দুর্ঘটনায় নিহত ৩

মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও রাজশাহীতে শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 01:19 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া বাসস্ট্যান্ডের কাছে বাসচাপায় নিহত হয়েছেন এক বৃদ্ধা।

গোলড়া হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধুমালা বেগম (৬২) উপজেলার গোলড়া চরখণ্ড এলাকার মৃত রজ্জব আলীর স্ত্রী।

ওসি হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মধুমালা বাড়ি থেকে বের হয়ে পাশের কামতা গ্রামে যাচ্ছিলেন।

“গোলড়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী এনএনবি পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মারা গেছে হাসেম আলী (১২) নামে এক শিশু।

সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-নকলা সড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই দুলাল উদ্দিন জানান।

হাসেন আলী বাইসাইকেল নিয়ে শিয়ালকোল বাজার এলাকা অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে জানান এসআই।

সে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাজিবপুর গ্রামের নুর নবী প্রামানিকের ছেলে।

অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় মারা গেছে আরেক শিশু ।

নিহত রহিমা (৮) উপজেলার মাটিকাটা গ্রামের মানেকুল ইসলামের মেয়ে।

গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, বেলা ১১ টার দিকে রহিমা দাদির বাড়ী যাওয়ার পথে মাটিকাটা শাব্দিপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।