রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার
রাজধানীর দারুস সালাম ও ক্যান্টনমেন্ট এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দারুস সালাম থানার এসআই মো. আমানুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে দারুস সালামের লালকুঠি কলোনির তৃতীয় তলার একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আলেয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভ্যানচালক স্বামী হারুন-অর-রশীদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে গভীর রাতে আলেয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের বাড়ি পটুয়াখালী সদরের বহলগাছিয়ায়।
এদিকে শুক্রবার ভোরে শারমিন আক্তার মিতুর মৃতদেহ সামরিক হাসপাতালের (সিএমএইচ) জরুরি বিভাগ থেকে উদ্ধার করা হয় বলে জানান ক্যান্টনমেন্ট থানার এসআই শাখাওয়াত হোসেন।
মিতুর স্বামী শিমুল হক তনুর বরাত দিয়ে তিনি বলেন, ভোর রাতে মিতু পাশ্চিম মাটিকাটা ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে শিমুল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিতুদের গ্রামের বাড়ি চট্টগ্রামের আমানত কলোনিতে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শিমুল হককে আটক করেছে পুলিশ।
দুটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
