তিস্তার জল কমে যাওয়া ‘খতিয়ে’ দেখছে দিল্লি
বাংলাদেশে তিস্তা নদীর পানির প্রবাহ ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে থাকার বিষয়টি ভারত 'অত্যন্ত গুরুত্বে'রসঙ্গে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
বৃহস্পতিবার নয়া দিল্লিতে তার সঙ্গে বৈঠকে বিষয়টি পররাষ্ট্র সচিব মো. শহিদুল ইসলাম তুললে এই প্রতিক্রিয়া পাওয়া যায় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে সফররত শহীদুল হক অভিন্ন এই নদীর বাংলাদেশে পানি প্রবাহ কমে যাওয়ায় উদ্বেগের কথা জানান।
সুজাতা সিং বলেন, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দেখতে বলেছি।”
যৌথ নদী কমিশনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এখন তিস্তার মোট পানি প্রবাহের সাড়ে ৬ শতাংশ ভারত থেকে পাচ্ছে, যা ইতিহাসে সবচেয়ে কম।
তিন দিনের ভারত সফরের প্রথমদিন বুধবার ভারতের পানিসম্পদ সচিব অলোক রাওয়াতের সঙ্গে বৈঠক করেন শহিদুল। সে বৈঠকেও তিস্তার পানি প্রবাহ নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।
সুজাতার সঙ্গে বৈঠকে বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত সম্পন্নের তাগিদও দেন পররাষ্ট্র সচিব।
ভারতের পররাষ্ট্র সচিব জানান, তিস্তা চুক্তি করার জন্য প্রয়োজনীয় 'অভ্যন্তরীণ জনমত গড়ে তোলার' প্রক্রিয়া তারা শুরু করেছেন।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রবল বিরোধিতায় তিস্তা চুক্তি আটকে আছে।
