কায়সারের জামিন বাতিলের শুনানি ৩০ মার্চ
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মো.কায়সারের জামিন বাতিলের বিষয়ে আগামী ৩০ মার্চ আবার শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের সাক্ষীকে প্রলোভন, হুমকি দেয়ার অভিযোগে গত ৯ মার্চ কায়সারের জামিন বাতিল চেয়ে আবেদন করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি শেষে এ দিন ঠিক করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার আবেদনের উপর শুনানি করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। কায়সারের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
এদিন কায়সারের বিরুদ্ধে দেন প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী মোহাম্মদ আলী টিপু।
গত ২ ফেব্রুয়ারি কায়সারের বিরুদ্ধে একাত্তরে হত্যা,গণহত্যা,ধর্ষণসহ ১৬টি অভিযোগে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২।
গতবছরের ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
ওই রাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৪ আগস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
