কনস্টেবল সিদ্ধার্থের পরিবারকে পুলিশের অনুদান
রাজশাহীতে বিএনপি-জামায়াতের মিছিল থেকে বোমা হামলায় নিহত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকারের পরিবারকে সাড়ে সাত লাখ টাকা অনুদান দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তারে পুলিশ কমিশনার মাহবুবুর রহমান এ অনুদানের চেক হস্তান্তর করেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, এ অনুদানের মধ্যে পুলিশের সদর দপ্তর থেকে পাঁচ লাখ ও মহানগর পুলিশের পক্ষ থেকে আড়াই লাখ টাকা দেয়া হয়েছে।
এর মধ্যে সিদ্ধার্থ চন্দ্র সরকারের বাবা বিমল চন্দ্র সরকার ও মা প্রিয়সী রানী সরকারকে তিন লাখ ৭৫ হাজার এবং স্ত্রী কনস্টেবল দিপ্তী রানী সরকারকে তিন লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়।
এছাড়া অপর একটি ঘটনায় আহত এসআই আব্দুল মান্নানের স্ত্রী হাসিনা মান্নানের হাতে তিন লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয় বলে জানান ওসি জিয়া।
গত বছরের ২৬ ডিসেম্বর বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে কনস্টেবল সিদ্ধার্থ সরকারের মৃত্যু হয়। ওই হামলায় আরো আট কনস্টেবল আহত হয়েছিলেন।
