২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে আনসার সদস্যকে গুলি করে হত্যা

রাজধানীর মগবাজারে দায়িত্বরত এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 09:22 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার রাত ১টার দিকে মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় বিটিসিএল কলোনির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিমের (২৮) বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায়। ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল বলে রমনা থানার উপ পরিদর্শক কামাল হোসেন জানান।

রাতে বিটিসিএল কলোনির দায়িত্বে থাকা আনসার সদস্যদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,

কয়েকজন যুবক পরিচয় না দিয়ে কলোনিতে প্রবেশ করতে চাইলে আনসার সদস্য আলিম তাদের বাধা দেন। এ সময় বাগবিতণ্ডা হলে তারা আলিমের দিকে কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আলিমকে হাসপাতালে নিয়ে যান আনসার সদস্য আনোয়ার হোসেন।

তিনি বলেন, “হঠাৎ গুলির শব্দ পেয়ে ক্যাম্প থেকে দৌঁড়ে কলোনির গেইটের সামনে গিয়ে দেখি, আলিম মাটিতে পড়ে আছে ।”

আলিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ পরিদর্শক কামাল বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ কলোনি এলাকায় চুরি বা ডাকাতি করতে এসেছিল। কিন্তু ঢুকতে না পেরে আলিমকে গুলি করে পালিয়ে যায়।”

নিহত আনসার সদস্যের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।