গত বছর রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৭ শিশু
গত বছর শুধু রাজনৈতিক সহিংসতায় ৩৭ জন শিশু নিহত হয়েছে বলে বুধবার জাতীয় সংসদ ভবনে ‘পথশিশুদের জন্য করণীয়‘ শীর্ষক এক সেমিনারে জানানো হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধে সহিংসতা সৃষ্টিতে শিশুদের ব্যবহার করে রাজনৈতিক দলগুলো চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করা হয়।
মূল প্রবন্ধে মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।
এতে আরো বলা হয়, ২০০৪ সালে বাংলাদেশে পথশিশুর সংখ্যা ছিল ৬ লাখ ৮০ হাজার। ২০১৪ সালের শেষ দিকে এই সংখ্যা দাঁড়াবে ১১ লাখ ৪৪ হাজার ৭৪৫ জন।
এসব পথশিশুদের প্রায় ৪৪ শতাংশ ধুমপানে আসক্ত এবং রাতে ঘুমানোর জন্য ৪১ শতাংশ শিশুর কোনো বিছানা নেই। তারা নানাভাবে হয়রানির শিকার হয়।
সরকার এই শিশুদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও তা তাদের কাছে যথাযথভাবে পৌছায় না বলে প্রবন্ধে দাবি করা হয়।
সোস্যাল অ্যান্ড ইকোনোমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ) আয়োজিত সেমিনারে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ‘পথশিশু‘ নামের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, “পথশিশু বলেই তাদের আলাদা করে দেয়া হচ্ছে।
“তাই পথশিশু না বলে বিশেষ শিশু বলা যায় কি না, তা ভেবে দেখতে হবে। একইসঙ্গে মানুষের শহরমুখী প্রবণতা কমিয়ে গ্রামের দিকে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিতে হবে।”
আগামীতে শিশু অধিকার নিয়ে কর্মরত ১৩টি মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।
সিপ এর নির্বাহী পরিচালক ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিশু অধিকার ফোরামের এ এস মাহমুদ, আপন-এর ব্রাদার রোনাল্ড, ভার্কের শাহনাজ রহমান, জাতীয় মহিলা আইনজীবী সংস্থার হাসিনা রিভা, ব্র্যাকের মইনুল ইসলাম।
আলোচকরা বলেন, শিশুদের জন্য বিভিন্ন আইন ও বিধান থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। তাই পথশিশুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থা পরিবর্তনের জন্য পূনর্বাসনের মাধ্যমে সব রাস্তাকে পথশিশু মুক্ত করতে হবে।
পথশিশুদের জীবনমানের উন্নয়নে পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।
