পাঁচ বছর অতিরিক্ত কারাভোগ
অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে এক ভারতীয় নাগরিক ছয় বছর কারাভোগ শেষে ফেরত গেছেন।
বুধবার শেরপুরের নালিতাবড়ী উপজেলার সীমান্তের নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় রঙ্গু মোমিন ওরফে রঙ্গুকে।
নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের ৯ অক্টোবর নালিতাবাড়ীর পানিহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে ভারতের তুরা জেলার রাজবালা থানার সালবিলা গ্রামের দিনেন্দ্র মারাকের ছেলে রঙ্গু মোমিন ওরফে রঙ্গু।
পরে টহলরত বিজিবির (তখনকার বিডিআর) হাতে ধরা পড়লে তাকে নালিতাবাড়ী থানায় সোপর্দ এবং মামলা দায়ের করা হয়।
ওই মামলায় ২০০৮ সালে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
শেরপুর জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান জানান, ২০০৯ সালে তার সাজার মেয়াদ শেষ হলেও দুদেশের চিঠি চালাচালির মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করতে দীর্ঘ সময় পার হয়ে যায়।
তাকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করার সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন, নাকুগাঁও চেকপোস্ট ইনচার্জ এএসআই আব্দুল মোতালেব ও বিজিবির হাতিপাগার ক্যাম্পের সুবেদার সিরাজুল করিম।
ভারতের পক্ষে ছিলেন ঢালু থানার এসআই এসকে মারাক, ঢালু চেকপোস্ট ইনচার্জ স্যুটনা এইচ এবং বিএসএফের ইন্সপেক্টর গুলজার সিং।
