২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় বাতিল হওয়া ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 02:35 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

গত ১৪ মার্চ এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৮ মার্চ নেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এবার তা স্থগিত করা হল।

প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছরের ৮ ডিসেম্বর ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। গত ৮ নভেম্বর এই পরীক্ষা হয়েছিল।

শিক্ষক নিয়োগের এই লিখিত পরীক্ষায় সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয় বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

ওই দুই সেটে পরীক্ষা হওয়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরীক্ষা বাতিল করা হয়।