সুচিত্রার পৈত্রিক বাড়ি উদ্ধারের উদ্যোগ
জামায়াতে ইসলামী পরিচালিত ইমাম গাজ্জালী ট্রাস্টের দখলে থাকা মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িতে তার স্মৃতিতে একটি সংগ্রহশালা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ মোয়াজ্জেম হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত বাড়িটি ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
গত ১৭ জানুয়ারি কলকাতায় মারা যান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী সুচিত্রা সেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেয়া সুচিত্রার শৈশব ও কৈশোর কেটেছে পাবনা সদরের গোপালপুর মহল্লায় হেমসাগর লেনের ওই বাড়িতে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বর্তমানে বাড়িটি কৌশলে জামায়াত পরিচালিত ‘ইমাম গাজ্জালী ট্রাস্ট’ পরিচালিত একটি কিন্ডারগার্টেন স্কুলে রূপান্তর করা হয়েছে।
পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ বাড়িটি দখলমুক্ত করার জন্য বিভিন্ন সময়ে সভা, সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেললন, চলচ্চিত্র উৎসবসহ নানা কর্মসূচি পালন করেছে।
আসাদুজ্জামান নূর আরো জানান, সুচিত্রা সেনের ওপর সব কয়টি চলচ্চিত্র সংগ্রহ, স্থিরছবি, প্রতিকৃতি, প্রকাশনা সংগ্রহ করার জন্য একজন প্রতিনিধিকে কলকাতায় পাঠানো হয়েছে।
এছাড়া দেশের ৬৪টি জেলায় সুচিত্রা সেনকে নিয়ে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
জামায়াতের দখলে সুচিত্রার বাড়ি
