২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিকার বন্ধে শুরু হল জাটকা সংরক্ষণ সপ্তাহ

জাটকা সংরক্ষণ করে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এক সপ্তাহের জন্য সরকারের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

প্রতি বছরের মতো এবারো জাটকা সংরক্ষণ সপ্তাহ মঙ্গলবার শুরু হয়েছে, যা ২৪ মার্চ পর্যন্ত চলবে।

এই সময়ে জাটকা ধরা, মজুদ, পরিবহন এবং বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক।

তিনি বলেন, “এসময় যদি কেউ আইন অমান্য করেন তাহলে তার কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হবে।”

জাটকা ধরা আইনত নিষিদ্ধ, ওই আইনের বিষয়ে জনসচেতনতা তৈরিতে পালন করা হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ।

মন্ত্রী বলেন, আগে জাটকা বলতে নয় ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের নিচের ইলিশকে বোঝানো হলেও ২০১৩ সালে আইনের সংশোধনের মাধ্যমে ওই মাপকাঠি এখন ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার।

মৎস্য অধিদপ্তরের হিসবাবে মতে, গতবছর ইলিশের মোট উৎপাদন ছিল ৩ দশমিক ৫১ লাখ মেট্রিক টন।

চলতি বছর ৪ লাখ মেট্রিক টনের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

মৎস্য অধিদপ্তরে মন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মন্ত্রণালয়ের সচিব শেলিনা আফরোজা ও অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ উপস্থিত ছিলেন।