তরুণীর পরিচয় জানাতে পুলিশের আহ্বান
দশ মাস পেরিয়ে গেলেও পরিচয় না মেলায় এক তরুণীর হত্যার কুলকিনারা করতে পারেনি পুলিশ।
তাই ফরিদপুর সিআইডি থেকে অনুরোধ করা হয়েছে, ছবি দেখে কেউ মেয়েটিকে চিনতে পারলে তাদের জানাতে। ০১৭১৬ ৫৮১৫৮৭ মোবাইল নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তারা।
ফরিদপুর সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আওরঙ্গজেব বলেন, “মেয়েটির পরিচয় না পাওয়ার কারণে আমরা এই হত্যার রহস্যের কোন তথ্য উদঘাটন করতে পারছি না।”
গত বছরের ৭ মে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আনুমানিক ২৪ বছর বয়সী এই মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে ময়না তদন্তের শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়। এ ঘটনার আরো তদন্তের জন্য গত ২৩ সেপ্টেম্বর মামলাটি সিআইডিতে পাঠানো হয়।
