২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নির্বাচনী সংঘর্ষে আহত প্রার্থীর মৃত্যু

বাগেরহাটে উপজেলা নির্বাচনে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের সময় আহত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন ২২ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 11:41 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

তার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকালে ফকিরহাট-ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখায়।

নিয়ামতকে হত্যার অভিযোগ এনে বুধবার উপজেলায় আধা বেলা হরতালও ডেকেছে ফকিরহাট আওয়ামী লীগ।

ফকিরহাট থানার ওসি এসএম আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নিয়ামত (৫৬)।

ফকিরহাট উপজেলা সদরের সাতসইয়া গ্রামের বাসিন্দা নিয়ামত এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। ভোটে তিনি পরাজিত হন, আর চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি সমর্থিত শেখ শরিফুল কামাল কারীম।

ভোটের দিন ২৭ ফেব্রুয়ারি উপজেলার সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা স্থানীয় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করলে এলাকার লোকজন রাস্তা অবরোধ করে।

নিয়ামত ওই দুইজনকে ছাড়িয়ে আনতে গেলে বিজিবি সদস্যরা তাকে থানায় নিয়ে মারধর করে বলে তার নির্বাচনী এজেন্ট আসলাম মল্লিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।

এরপর এলাকার লোকজন ওই ভোটকেন্দ্রে হামলা চালিয়ে দুটি ব্যালট বাক্স পুড়িয়ে দেয়, স্থগিত করা হয় ভোটগ্রহণ।

এ সময় ব্যাপক সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী নিয়ামত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

নিয়ামতকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে সেখান খেকে পাঠানো হয় খুলনার আবু নাসের হাসপাতালে। সেখানে কিছু দিন রাখার পর গত ১৫ মার্চ তাকে ঢাকায় পাঠানো হয়।

মঙ্গলবার সকালে নিয়ামত সরদারের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বরোড চৌরাস্তার মোড়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ফকিরহাট-ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে।

এক ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস জানান।

তিনি বলেন, “নিয়ামত হত্যার প্রতিবাদে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ বুধবার উপজেলায় আধা বেলা হরতাল ডেকেছে। এছাড়া মঙ্গলবার বিকালে উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং বুধবার উপজেলায় কালো পতাকা উত্তোলন কর্মসূচিও রয়েছে।”

ভোটের দিন সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধার অভিযোগে নিয়ামত হোসেন ও তার কয়েকজন সমর্থকের নাম উল্লেখ করে ফকিরহাট থানায় মামলা করেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

ওই মামলার পর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান বলেছিলেন, “ম্যাজিস্ট্রেট যে নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছেন তারপর আমাদেরই উচিত ছিল তার বিরুদ্ধে মামলা করা। কিন্তু জেলা প্রশাসকের আশ্বাসে আমরা তা করিনি। এখন মনে হচ্ছে প্রশাসন তাদের সহযোগীকে বাঁচানোর চেষ্টা করে অন্যায়ের পক্ষ নিচ্ছে।”

এর জবাবে বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী সে সময় বলেন, “আমরা সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখব। ম্যাজিস্ট্রেট বা প্রার্থী যেই দোষী সাব্যস্ত হবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

সংঘর্ষের কারণে স্থগিত সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ মার্চ আবার ভোটগ্রহণের পর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।