২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবাড্ডায় স্কুলছাত্রীর লাশ, পরিবার বলছে ‘আত্মহত্যা’

রাজধানীর মধ্যবাড্ডার একটি বাসা থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 10:45 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রাবেয়া বসরী নামের ১৪ বছর বয়সী মেয়েটি বাড্ডার আলাতুন্নোসা স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবা বাবুল আহমেদ কাপড়ে এমব্রয়ডারির ব্যবসা করেন।

বাড্ডা থানার এসআই নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যবাড্ডার আদর্শনগর বড়টেক এলাকায় রাবেয়াদের বাসা। সোমবার বিকাল ৪টায় সেখানেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

রাবেয়ার বাবা বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুরে পরিবারের সবাই মিলে ভাত খেয়েছি। বুঝতেই পারিনি বিকালে মেয়েটা আত্নহত্যা করতে পারে!”

তিনি জানান, মেয়ের মৃত্যুর পর তার ব্যক্তিগত ডায়েরি পড়ে একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিলো বলে জানতে পারেন তারা।

বাবুল বলেন, “যদি কারো কাছে দুঃখ পাইয়া মাইয়াটা আত্নহত্যা করে, আল্লাহ তার বিচার করবে।”

দুই বছর আগে অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল রাবেয়া। কয়েকদিন আগে স্কুলের কুইজ প্রতিযোগিতায়ও সে পুরস্কার পায়। তিন ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়।

বাড্ডা থানার উপ পরিদর্শক নুরুল আলম জানান, মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নড়াইল জেলার লোহাগড়া থানার আমডাঙ্গায় গ্রামের বাড়িতে মঙ্গলবার রাবেয়ার দাফন হবে হবে বলে জানান বাবুল।