খুলনায় স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার
খুলনা নগরীতে সোমবার সকালে এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালীবাড়ির গাজী পাড়ায় নিজ বাড়ির পাশের বাঁশবাগানে মো. ফেরদৌস হোসেন শেখের (৫৮) মৃতদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
খানজাহান আলী থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, ফেরদৌস রোববার সন্ধ্যায় খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
সকালে স্থানীয়রা বাড়ির পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফেরদৌসের উচ্চ রক্তচাপ ও মাইগ্রেনের অসুখ ছিল। এ অসুখে নাকি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হবে ময়নাতদন্তের পর।
