২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নিহত বাবুল চৌধুরী (৪৮) বেনাপোলের সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে।

গত ২৫ বছর ধরে তিনি মধ্যপ্রাচ্যের দেশটিতে গাড়ি চালকের কাজ করে আসছিলেন বলে তার বড় ছেলে সাইদ চৌধুরী জানান।

তিনি জানান, শনিবার বিকালে রিয়াদের আলসানি এলাকায় তার বাবার গড়ি দুর্ঘটনায় পড়ে। সেখান থেকে তার মৃত্যুর খবর বাংলাদেশে পরিবারকে জানানো জয় রোববার।

বাবুল  রিয়াদের ‘বলদিয়া’ নামের একটি কোম্পানিতে গাড়ি চালকের কাজ করতেন। থাকতেন আল-খারিজ সানাইয়া এলাকায়।

নিহতের ভাই বিলাল চৌধুরী বলেন, “সৌদি সরকার লাশ হস্তান্তর করলে আমরা পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতা চাই।”

সোমবার বেনাপোলে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম।

বাবুলের স্ত্রী রোকেয়া বেগম একপ্রকার বাকরুদ্ধ। তিন মেয়ে নার্গিস, বিলকিস ও পিংকি চৌধুরীর আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। ছোট ছেলে ইমন চৌধুরীও থেকে থেকে ফুঁপিয়ে উঠছেন।

পিংকি চৌধুরী জানান, তার বাবা ২০১১ সালের ১২ এপ্রিল শেষবার দেশে এসেছিলেন। দুই মাস পর আবারো তার আসার কথা ছিল।কিন্তু তার আর ফেরা হলো না।