২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভূঁঞায় নির্বাচনী সহিংসতার ৩ মামলায় আড়াই শতাধিক আসামি 

ফেনীর দাগনভূঁঞা উপজেলা নির্বাচনে সহিংসতার ঘটনায় বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেনসহ আড়াই শতাধিক আসামি করে তিনটি মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 12:55 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

দাগনভূঁঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে রোববার রাতে এ মামলা করা হয়।

মামলায়  ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ২৬৭ জনকে আসামি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে গত ১৫ মার্চ দাগনভূঁঞাতেও ভোট হয়। সেখানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক দিদারুল কবির রতন জয় লাভ করেন।

গুলিবর্ষণ,ব্যালট বাক্স ছিনতাই,অগ্নিসংযোগ,ভাংচুর,কেন্দ্র দখল, জাল ভোট, পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাংচুরের মতো  ঘটনায় অলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনায় উপ পরিদর্শক আনিসুল হক বাদি হয়ে করা মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টুর ছোটভাই ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেনকে প্রধান আসামি করে বিএনপির ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের একশ’ ৪০ থেকে দেড়শ’ জনকে আসামি করা হয়েছে।

অলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় সরকারি সম্পদ ধ্বংসসহ নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি করেছেন কেন্দ্রের প্রিসাইডং কর্মকর্তা হাইয়ুম। এ মামলায় অজ্ঞাত পরিচয়ের ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতবোমা ফাটিয়ে ব্যালটসহ চারটি বাক্স ছিনতাইয়ের ঘটনায় করা মামলাটি করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও দাগনভূঁঞার সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোতালেব। এ  মামলায় অজ্ঞাত পরিচয়ের ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।