সম্মেলনের চিঠি ডিসিদের কাছে
এবারের ডিসি সম্মেলনে আলোচনার বিষয়বস্তুর প্রস্তাব চেয়ে সব জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগামী জুলাই মাসের শেষের দিকে জেলা প্রশাসক সম্মেলন-২০১৪ হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসি সম্মেলনের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তারিখ চূড়ান্ত করা হবে।
চিঠিতে বলা হয়েছে, সম্মেলনে ডিসিরা যেসব বিষয় উত্থাপনে আগ্রহী তা আওতাধীন জেলা থেকে সংগ্রহ ও সমন্বয় করে প্রস্তাবের সফট কপি ই-মেইলে পাঠাতে হবে।
আগের জেলা প্রশাসক সম্মেলনে যেসব বিষয় কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত ও বাস্তবায়িত হয়েছে সেসব বিষয় প্রস্তাব আকারে না পাঠাতেও চিঠিতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া একান্ত স্থানীয় ও জনগুরুত্বহীন বিষয়গুলোর বিষয়েও প্রস্তাব না পাঠানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জেলা প্রশাসক সম্মেলনে উত্থাপনীয় বিষয়ের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরার পাশাপাশি তা উত্তরণে ডিসিদের সুপারিশও করতে বলা হয়েছে।
জেলা প্রশাসকদের দেয়া চিঠির অনুলিপি সাত বিভাগীয় কমিশনারদেরও দেয়া হয়েছে।
গত বছরের ২৩ থেকে ২৫ জুলাই ডিসি সম্মেলন হয়েছিল।
এই সম্মেলনে সাধারণত দেশের ৬৪ জেলার জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের নীতি-নির্ধারকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি হলে শেখ হাসিনা ডিসিদের সঙ্গে মতবিনিময় ও মুক্ত আলোচনা করেন।
উদ্বোধনী দিনেই ডিসিরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্যঅধিবেশনে অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান। এসময় রাষ্ট্রপতি ডিসিদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
তিনদিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা আরো বিভিন্ন অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন।
