‘ভাষাবিজ্ঞান ডিগ্রিধারীকে বাংলায় নিয়োগ নয়’
ভাষাবিজ্ঞান ডিগ্রিধারীদের স্কুল ও কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগে সরকারি উদ্যোগের প্রতিবাদ করেছেন বাংলার শিক্ষার্থীরা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলা সাহিত্যবোধশূন্য হয়ে পড়বে, যা বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা ও বিকাশে মারাত্মক প্রভাব ফেলবে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়নাব শান্ত।
তিনি বলেন, বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগ এক নয়। ভাষাবিজ্ঞান আগে বাংলা বিভাগের একটি শাখা ছিল। তাও অনার্স পাঠ্যক্রমে নয়, এম এ প্রথম ও দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত একটি বিষয় ছিল। বর্তমানে সেটি আলাদা বিভাগ হলেও বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে তার রয়েছে যোজন যোজন দূরত্ব।
বাংলা বিভাগে সাহিত্য যেমন পড়ানো হয়, পাশাপাশি ভাষাতত্ত্ব, ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, ফোকলোর, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, সমাজবিজ্ঞান বিষয়ে পাঠদান করা হয় এবং সাহিত্যের সঙ্গে এ বিষয়গুলো সম্পর্কিত।
কিন্তু ভাষাবিজ্ঞান বিভাগে সাহিত্যের পরিসর খুবই সীমিত। চার বছরের অনার্সে তারা ১৫.১৮ নং কোর্সে বাংলা সাহিত্যের উপর মাত্র ৪ ক্রেডিট এবং ১৫০.২৪ নং কোর্সে শৈলিবিজ্ঞানের সঙ্গে বাংলা সাহিত্যবিচারের জন্য ২ ক্রেডিট অর্থাৎ সর্বসাকূল্যে মাত্র ৬ ক্রেডিট বাংলা সাহিত্যের উপর পড়াশুনা করেন।
অথচ বাংলা বিভাগে কেবল সাহিত্যের উপরই পাঠদান করা হয় ১০০ ক্রেডিট এর বেশি।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সাহিত্যের উপর কেবল প্রাথমিক জ্ঞান নিয়ে শিক্ষকতার মহান পেশায় ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার অর্থ হলো, একজন হাতুড়ে ডাক্তারকে অপারেশন থিয়েটারে পাঠানো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে বর্তমানে যারা পাঠদান করছেন, তাদের মধ্যে পাঁচজনই বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ভাষাবিজ্ঞানে যেসব মনীষী কৃতিত্ত্বের অবদান রেখেছেন, যাদের রচিত বই এই বিভাগের পাঠ্য, তাদের অনেকেই বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
এ প্রসঙ্গে মুহম্মদ আবদুল হাই, মুনীর চৌধুরী, হুমায়ূন আজাদের নাম বিশেষভাবে স্মরণীয়। অর্থাৎ বাংলা বিভাগ থেকে পড়াশুনা করেও ভাষাবিজ্ঞানে অবদান রাখা যায়, কিন্তু ভাষাবিজ্ঞানের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, যিনি বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন বা করছেন। বাংলা বিভাগের যে ভাষাতত্ত্ব অংশ রয়েছে, সেটিও বাংলা বিভাগের শিক্ষকেরাই পাঠদান করে থাকেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, স্কুল-কলেজের পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলায় কোনো ব্যাকরণ অংশ নেই। জেএসসিতে ১৫০ নম্বরের বাংলায় ব্যাকরণ রয়েছে ২০ নম্বরের, মাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের মধ্যে মাত্র ৪০ নম্বর এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের মধ্যে মাত্র ৩০ নম্বর ব্যাকরণ রয়েছে। অর্থাৎ তার সিংহভাগই সাহিত্যের অংশ।
সাহিত্যের এই অংশের পাঠদানের জন্য বাংলা বিভাগে পড়াশুনা করা আবশ্যক, এমনকি ব্যাকরণের এই সামান্য অংশটিও বাংলা বিভাগে পাঠদান করা হয়। কিন্তু ভাষাবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পরবর্তী সময়ে ব্যাকরণের অংশ পাঠদানে সক্ষম হলেও সাহিত্যের জন্য কোনোভাবে যোগ্য নন।
“সুতরাং, ভাষাবিজ্ঞান কখনোই বাংলার বিকল্প বা সমমানের হতে পারে না,” বলেন জয়নাব শান্ত।
তিনি বলেন, বর্তমানে স্কুল পর্যায়ে বাংলা বিষয়ে শিক্ষকতা করতে স্নাতক (সম্মান) পর্যায়ে ৩০০ নম্বরের বাংলা থাকা আবশ্যক এবং কলেজ পর্যায়ে শিক্ষকতা করতে সংশ্লিষ্ট বিষয়ের উপর নূন্যতম স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক, যার কোনোটিই ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নেই।
সুতরাং ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে বাংলা বিষয়ের শিক্ষকতা করতে চাওয়ার মতো অন্যায্য দাবি আর কিছুই হতে পারে না।
“আমরা বাংলা ভাষা ও সাহিত্যের উপর দুরভিসন্ধিমূলক এই সরকারি উদ্যোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
বক্তব্যে আরো বলা হয়, তাদের আন্দোলন ভাষাবিজ্ঞান বিভাগের প্রতি বিদ্বেষপ্রসূত নয়, বরং এই বিভাগের শিক্ষার্থীদের কল্যাণার্থে স্বতন্ত্র কর্মক্ষেত্র সৃষ্টির জন্য সরকারের কাছে আবেদন জানান তারা।
সত্যিকার অর্থে বাংলা ভাষার চর্চা, প্রয়োগ ও বিস্তারের জন্য অবিলম্বে এ ধরনের অযৌক্তিক উদ্যোগ থেকে সরে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়।
বক্তব্যে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের প্রতিবাদে তারা এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মন্ত্রণালয় অযৌক্তিক অবস্থান থেকে সরে না আসলে এবং এই ‘অনৈতিক প্রস্তাব’ বাস্তবায়নের অপচেষ্টা অব্যাহত রাখলে দেশের শিক্ষার্থীদের নিয়ে তারা আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।
আগামী ২১ মার্চ, ২০১৪ তারিখের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উল্লিখিত অযৌক্তিক ও অবৈজ্ঞানিক উদ্যোগ প্রত্যাহারের আবেদন জানানো হয়।
দাবি মানা না-হলে আগামী ২৩ মার্চ ২০১৪ তারিখ সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি দেযা হবে বলে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নতকোত্তরের শিক্ষার্থী পিন্টুরঞ্জনন অর্ক, উন্মেষ রায়, মাহবুবুর রহমান প্রমুখ।
