২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চাওয়ায় পিটুনি বিএনপি নেতাদের

পাবনার ঈশ্বরদীতে ভোট চাইতে গিয়ে এক কেন্দ্রীয় নেতা ও উপজেলা নির্বাচনে প্রার্থীসহ বিএনপির অন্তত ১৪ নেতাকর্মী পিটুনির শিকার হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 06:41 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের কোন্দোলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার মেয়র মখলেছুর রহমান বাবলু, চেয়ারম্যান পদপ্রার্থী জার্জিস হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা আওতাপাড়া হাটে ভোট চাইতে যান।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হাবিব ও বাবলুকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন এবং দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঈশ্বরদী পৌর মেয়র বাবলু তার লাইসেন্স করা বন্দুক বের করলে প্রতিপক্ষের লোকজন আরও উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায়।

ওসি আরো জানান, হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর মেয়র মখলেছুর রহমান বাবলু, চেয়ারম্যান প্রার্থী জার্জিস হোসেন, ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমানসহ বিএনপি-ছাত্রদল ও যুবদলের অন্তত ১৪ নেতাকর্মী পিটুনিতে শিকার হন।

এ সময় তারা দৌড়ে গিয়ে বিএনপি নেতা হামিদুর রহমান হামদু মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান ওসি।

আহত ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে স্থানীয় বিএনপি নেতা হাশেম বিশ্বাসের নেতৃত্বে বেশকিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন।

হামলাকারীরা বেদম প্রহার ও ধারালো অস্ত্র দিয়ে তার হাতের আঙ্গুল, আনোয়ার সরদারের মাথা ও হাত, ছাত্রদল নেতা মশিউর রহমান রতনের পায়ে কুপিয়ে আহত করে বলে দাবি করেন।

ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র বাবলু ভোট চাইতে গিয়ে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থক ও গ্রামবাসীর রোষানলে পড়েছেন বলে খবর পেয়েছি।”

এ ঘটনার সঙ্গে তার নির্বাচনী কর্মী-সমর্থকদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দুই প্রার্থী হলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং সাঁড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জার্জিস হোসেন।