২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী শোভাযাত্রার মোটরসাইকেল চাপায় নিহত ১

নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় নির্বাচনী শোভাযাত্রার মোটরসাইকেল চাপায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 12:55 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার রাতে উপজেলার সাগরিয়া বাজার এলাকায় নলচিরা-জাহাজমারা সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক বুড়িরচর ইউনিয়নের আবদুর রহমান মাঝির ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

আগামী ৩১ র্মাচ এ উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে।

হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, রাত ৮টার দিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের পক্ষে হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কে দুই শতাধিক মোটরমাইকেলের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর ওসখালি হয়ে জাহাজমারার দিকে অগ্রসর হলে পথে সাগরিয়া বাজারের পশ্চিম পাশে ফারুকের মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে যায়।

এতে গাছের সাথে ধাক্কা লেগে সড়কে ওপর পড়ে যায় সে। এ সময় পেছন দিক থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল এসে পড়লে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আহত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। লাশ হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি।