জঙ্গি ‘অর্থায়নে’ পোশাক কারখানা প্রতিষ্ঠা
ত্রিশাল থেকে জঙ্গি ছিনতাইয়ে জড়িত সন্দেহে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের দুজন পোশাক কারখানার মালিক বলে পুলিশ জানিয়েছে।
ফাইল ছবি ফাইল ছবি
আসামি ছিনতাইয়ে ‘জড়িত দুই জঙ্গি’ আটক
গত বৃহস্পতি ও শুক্রবার ঢাকা থেকে গ্রেপ্তার পাঁচজনের সঙ্গেই নিষিদ্ধ সংগঠন জেএমবির সংশ্লিষ্টতা রয়েছে জানিয়ে পুলিশ বলছে, তাদের কাছে বিস্ফোরকের পাশাপাশি আসামি ছিনতাইয়ের নির্দেশিকাও পাওয়া গেছে।
গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় একটি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক কনস্টেবলকে খুন করে দণ্ডিত তিন জেএমবি নেতাকে ছিনিয়ে নেয়া হয়।
নতুন পাঁচজনকে নিয়ে ওই ঘটনায় এই পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হল বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে জেএমবি নেতা রাকিবুল হাসান ধরা পড়েন, পরদিন কথিত বন্দুকযুদ্ধে তিনি মারাও যান।
তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানের খোঁজ তিন সপ্তাহেও মেলেনি। তাদের ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা রয়েছে।
এই ঘটনায় গত দুদিনে গ্রেপ্তার পাঁচজনকে শনিবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনা হয়। এরা হলেন- আলামিন, জিতু, রাজু, রাহাত ও আজমীর।
এদের মধ্যে রাহাত ও আজমীর পোশাক কারখানার মালিক বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাহাত ও আজমীর গার্মেন্ট ব্যবসায়ী। সম্প্রতি আজমীর ৫ কোটি ৮০ লাখ টাকা দিয়ে বাড্ডার সাতারকুলে একটি গার্মেন্ট কিনেছে। কল্যাণপুরে রাহাতের ‘রাহাত ইন্টারন্যাশনাল’ একটি গার্মেন্ট রয়েছে।
“মূলত জঙ্গিদের পুনর্বাসন ও অর্থ জোগান দেয়ার জন্য এই গার্মেন্টস দুটি পরিচালনা করা হত। জিজ্ঞাসাবাদে এ সংক্রান্ত বেশি কিছু তথ্য জানা গেছে।”
পোশাক শিল্প মালিক রাহাতের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ময়মনসিংহের ত্রিশালের সউদকান্দা এলাকা থেকে আলামিন (২৫) ও জিতুকে (২৮) আটকের কথা পুলিশের পক্ষ থেকে আগে বলা হলেও গোয়েন্দা কর্মকর্তা ছানোয়ার তা অস্বীকার করেন।
তিনি বলেন, “তাদের ঢাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ত্রিশালে অভিযান চালানো হয়।”
যুগ্ম কমিশনার মনিরুল জানান, গত ১৩ মার্চ হাতিরঝিল এলাকা থেকে আলামিন, জিতু, রাহাত ও আজমীরকে গ্রেপ্তার করা হয়। রাজুকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার ভোরে।
তাদের কাছ থেকে সাড়ে চার কেজি বিস্ফোরক, ১৪ রাউন্ড গুলি, আসামি ছিনতাইয়ের কৌশলের নির্দেশিকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
জঙ্গি ছিনতাইয়ের এই এই ঘটনায় এর আগে যে ছয়জনকে আটক করা হয়, তারা হলেন- জাকারিয়া ওরফে হিমেল (৩০), তার স্ত্রী সামছুন্নাহার স্বপ্না (২৩), তার ভাই মো. ইউসুফ (২৮), মো. রাসেল (২৮), রাজু আহমেদ (৩৫) ও সোহরাব হোসেন (৩২)।
গ্রেপ্তার ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই ব্যবসায়ীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
মনিরুল বলেন, “ছিনিয়ে নেয়ার কাজে মূলত নেতৃত্ব দিয়েছে গ্রেপ্তারকৃত জাকারিয়া এবং পলাতক ফারুক। এরা জেএমবির মূল ধারার একটি অংশে নেতৃত্ব দেয়। এদের নেতা ছিল রাকিব হাসান (‘বন্দুকযুদ্ধে’ নিহত)।”
তিনি বলেন, ছিনতাইয়ের কাজে ১৫ জন সরাসরি অংশ নিলেও তাদের মধ্যে চারজন গ্রেপ্তার ১১ জনের মধ্যে রয়েছেন বলে প্রমাণ মিলেছে। গ্রেপ্তার অন্য সাতজন নানাভাবে সহায়তা করেছিলেন।
ফাইল ছবি
“সহকর্মীদের ছিনতাইয়ের পরিকল্পনা জঙ্গিরা অনেক আগে থেকে নিয়েছিল। এজন্য তারা প্রথমে কাশিমপুর- কোনাবাড়ি এলাকা পছন্দ করেছিল। কিন্তু নিরাপদ না ভেবে শেষে ভালুকা-ত্রিশাল এলাকা বেছে নেয়। সে অনুয়ায়ী তারা ওই এলাকায় একাধিক বাসা ভাড়া নিয়ে বসবাসও শুরু করে।”
দণ্ডিত ওই তিন জেএমবি নেতাকে একটি মামলায় হাজির করতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ নেয়া হচ্ছিল। পথে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়া হয়।
পালিয়ে যাওয়া দুই জঙ্গি নেতাকে শিগগিরই গ্রেপ্তারের আশা প্রকাশ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহাফুজুল হক নুরুজ্জামান।
তিনি বলেন, জেলা পুলিশ ছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, এসবিসহ সকলে নিজ অবস্থানে থেকে পলাতক দুই জঙ্গিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবিও সাহায্য করছে।
গোয়েন্দা কর্মকর্তা ছানোয়ার জানান, ছিনতাই এবং পরে বিভিন্ন জনকে বিস্ফোরক-অস্ত্রসহ আটকের ঘটনায় ময়মনসিংহের বিভিন্ন থানায় পাঁচটি, টাঙ্গাইলের বিভিন্ন থানায় চারটি এবং ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় চারটি মামলা হয়েছে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, এই ১১ জনকে আটকের সময় সাতটি পিস্তল, একটি বন্দুক, ১৬টি হাতবোমা উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল।
বোমা তৈরির নিদের্শিকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার মানচিত্র ছাড়াও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জঙ্গি কার্যক্রম চালাতে পাকিস্তানের একটি গোয়েন্দা ম্যানুয়েলও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
